জিয়া পরিবার জনগণের পাশে থেকে কাজ করেছে: এমপি নজরুল ইসলাম
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, ‘জিয়া পরিবার সবসময় দেশের জনগণের পাশে থেকে কাজ করেছে। সাধারণ মানুষের কল্যাণে তারা বিভিন্ন সময় ভূমিকা রেখেছে। বিএনপিকে বারবার ক্ষমতায় আনতে দেশের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকে। বর্তমান সরকারপ্রধান তারেক রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড এর উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় থাকলে স্কুল-কলেজ, মাঠ-ঘাট, রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ ও সেতুসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও কাজ করা হবে।’
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে সমর্থিত প্রার্থীকে মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব রহমান সান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সদস্যসচিব আহমেদ রেজাউল করিম স্বপন ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেন।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান পিন্টু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
